শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা সরকার বাজারে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের নিজস্ব অর্থায়নে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম আব্দুল ওহাব সরকার বলেন, গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফলজ ও ঔষধি গাছ মানুষের খাদ্য ও চিকিৎসার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনজ গাছ ভবিষ্যতে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তারও সহায়ক হতে পারে। তাই কৃষকদের উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে এসব চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করতে হবে। আজ যে চারাগুলো কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেগুলো যেন ভবিষ্যতে বড় গাছে পরিণত হয় এবং পরিবার ও সমাজের উপকারে আসে এটাই আমাদের প্রত্যাশা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। পাশাপাশি গ্রামীণ জনপদে ফলজ ও ঔষধি গাছের সংখ্যা বাড়ানো গেলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়বে পরিবেশের সৌন্দর্য ও জীববৈচিত্র্য।
স্থানীয় কৃষকরা মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে গাছের চারা পাওয়ায় তারা নিজেদের বাড়ির আঙিনা, জমির আইল ও অন্যান্য উপযোগী স্থানে এসব চারা রোপণ করবেন। ব্যক্তি উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে এলাকায় বৃক্ষরোপণের পরিমাণ আরও বাড়বে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
মালিহাটা সরকার বাজারে আয়োজিত এ চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে ৫০০ কৃষকের হাতে গাছের চারা পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষকরা এসব চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করলে আগামী দিনে কুসুম্বী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবুজায়ন আরও বৃদ্ধি পাবে।