নিজিস্ব প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ২ নং গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনি হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে মুখরিত ইউনিয়নের অলিগলি। তবে সার্বিক প্রচার-প্রচারণা ও গণসংযোগে অন্যান্যদের চেয়ে দৃশ্যমানভাবে এগিয়ে রয়েছেন শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবাইদুল ইসলাম।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা যায়, সবাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ায় নিয়মিত গণসংযোগ করছেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। তরুণ এই নেতার সততা, কর্মীবান্ধব মনোভাব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দিন দিন সাধারণ ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইদুল ইসলাম একজন সৎ ও যোগ্য প্রতিনিধি হতে পারেন।
নির্বাচনি ভাবনা নিয়ে সবাইদুল ইসলাম বলেন: “আমি গাড়িদহ ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই আমার মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসাই আমার মূল চালিকাশক্তি। জনগণ সুযোগ দিলে গাড়িদহ মডেল ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, গাড়িদহ ইউনিয়ন জুড়ে সবাইদুল ইসলামকে ঘিরে আলোচনা ততই বাড়ছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজের একটি বড় অংশ তাঁর পক্ষে প্রচারণায় ব্যাপক ভূমিকা পালন করছেন।