ভ্রাম্যমান প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এক অটোভ্যানচালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশ্বপুর গ্রামের বাসিন্দা মোছা. আদুরীর স্বামী একজন ইজিবাইকচালক। গত ৩ মে সকাল প্রায় ১১টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। তবে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার সকালে রানিহাট বাজার এলাকায় হাফিজ নামের ব্যক্তি ফোন করে জানান, তাঁর স্বামীকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা ইজিবাইকসহ তাঁকে একটি স্থানে নিয়ে মারধর করে গুরুতর আহত করে এবং অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাঁর ব্যবহৃত ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই হওয়া ইজিবাইকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারের পর আহত ব্যক্তিকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দীন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।