নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ব্যস্ততম ধুনটমোড় এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে আব্দুল মান্নানকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।